সৌদি রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের
দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে সরকার।
এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন: যুব সচিব ও এসডি সচিব পর্যায়ে ব্যাপক রদবদল
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন ওই দুই বাংলাদেশি। সৌদি আইনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত তথ্য জানা যাবে। পাশাপাশি মরদেহগুলো কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।





