সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Sanchoy Biswas
মো. সাজ্জাদ হোসেন শাহ্, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:০০ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন ও সম্পন্ন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-২৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ৮ কিলোমিটারের মধ্যে থাকা ২২টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে থাকা ২০টিসহ মোট ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়

বিজিবি সদস্যরা গতকাল শুক্রবার দুপুর থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করবেন।

এ ছাড়া সীমান্তের দুর্গম এলাকার সার্বিক নিরাপত্তা তদারকির সুবিধার্থে একটি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন: উলিপুরে সরকারি জায়গায় জেনারেটর আবার চালু, জনভোগান্তি চরমে

২৮ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ কমিটি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সুনামগঞ্জ-২৮ বিজিবি বদ্ধপরিকর।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।