রমনা কালী মন্দিরের স্বর্ণ চুরি: মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় মূল অভিযুক্ত এক নারী ও তাঁর স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। এ সময় চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় দীপ্ত (৩০) এবং দক্ষিণখান এলাকার সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিন (৩৭)।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো সময় শ্রী শ্রী রমনা কালী মন্দির থেকে আনুমানিক ছয় আনা ওজনের স্বর্ণ চুরি হয়। চুরি হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। ঘটনার পর শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে।

আরও পড়ুন: জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১১ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপির উত্তরখান থানার দোবাদিয়া এলাকায় অভিযান চালিয়ে লিপি কর্মকার ও তাঁর স্বামী অর্ণব রায় দীপ্তকে আটক করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানার সাদিয়া জুয়েলার্সে অভিযান চালায় পুলিশ। গত ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে দোকানটির মালিক মো. মুহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে দুই আনা এক রতি চার পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্ত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় চুরির দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।