সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন ১২ নভেম্বর, ফরম দেবে বিএনপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:০০ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ফরম বিতরণ করবে বিএনপি। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপ্রত্যাশীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে পরদিন শনিবার (১৭ অক্টোবর) একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন: ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনীসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ

এর আগে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে গত ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। সবশেষে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, আসনটি বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়ায় আইন অনুযায়ী এ উপনির্বাচনে বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একাধিক প্রার্থী থাকলে বিএনপি জোটের সংসদ সদস্যরা ভোট দেবেন। তবে সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী মনোনয়ন দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে ভোটাভুটির প্রয়োজন হয় না।

আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।