ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (১০ অক্টোবর) রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে দলটির নেতা-কর্মীরা। এ সময় কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ককরোচ জনতা পার্টির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিনই যন্তরমন্তরের উদ্দেশে মিছিল করা হবে।
আরও পড়ুন: ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান
তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন, ততদিন প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।’
এদিকে ভারতীয় পুলিশের দাবি, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: দিল্লিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
এর আগে শনিবার সকালে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। তিনি মুম্বাই থেকে বিমানে দিল্লিতে পৌঁছানোর পর তাকে নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান এই আন্দোলন ঘিরে দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে।





