১২ হাজার ৫০০ থেকে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা
তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। ১০ ঘণ্টার দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।
নতুন সিদ্ধান্তে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২১ হাজার ৫০০ টাকা। আগে যা ছিল ১৫ হাজার ৩৫ টাকা।
আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২০ হাজার টাকা। আগে যা ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অন্যদিকে, জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে গত মঙ্গলবার বেলা সোয়া ৩টায় চতুর্থ দিনের সভা শুরু হয়। মজুরি বোর্ডের চতুর্থ সভা দিবাগত রাত ২টার দিকে শেষ হয়। তারপর বিষয়টি নিশ্চিত করে জানান মজুরি বোর্ডের একাধিক সদস্য। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: ১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি
এদিকে, সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন প্রত্যাখ্যান করে গাজীপুর, হেমায়েতপুর, সাভার-আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় টিয়ারশেলসাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
এছাড়া গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়া তাদের আয়বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। একইসঙ্গে তিনি জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানান।
নতুন দফার এই বেতন কাঠামো নির্ধারণের ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির ক্ষেত্রে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ভারতের তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার ৩৭৬ টাকা এবং পাকিস্তানের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার ৬৯৫ টাকা। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম মজুরিতে কাজ করেন শ্রীলঙ্কার শ্রমিকরা। দেশটিতে তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১ হাজার ২৫৩ টাকা। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ৬ সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি চূড়ান্ত হয়।
বৈঠক শেষে ভোররাত ৪টায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত কিংবা বাড়ি ভাড়া কত হবে, সেগুলো চূড়ান্ত করতে বুধবার মজুরি বোর্ডের বৈঠক হবে। বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তিনি বলেন, শেষ পর্যন্ত বোর্ডের ৬ সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।
উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। এদিকে, সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন প্রত্যাখ্যান করে গাজীপুর, হেমায়েতপুর, সাভার-আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। গাজীপুরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করছে। এসময় পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তারা দুটি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার সামনে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া শুরু করে। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ-টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত আন্দোলন চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বুঝিয়ে আবার কোথাও শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।
তিনি আরো জানান, পরিস্থিতি বিবেচনায় সকাল ১০টা পর্যন্ত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩৫ কারখানা। তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ঘোষণার পরেও শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ২৫ কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে বলে জানা গেছে। প্রায় এক মাসের আন্দোলন, মহাসড়ক অবরোধ, সংঘর্ষ আর শত শত কারখানায় ছুটির পর অবশেষে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়েছে। তবে এ নতুন মজুরি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে— শ্রমিকদের একাংশ এ সিদ্ধান্তকে মেনে নিয়েছে, আর আন্দোলনকারীদের একটি অংশ এখনো তা প্রত্যাখ্যান করছে। সাভারের হেমায়েতপুরে আন্দোলনরত শ্রমিকদের একাংশ একেএইচ গ্রুপের একটি কারখানায়ও ভাঙচুর চালান। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। পাশাপাশি পদ্মার মোড় এলাকা থেকে আন্দোলনরত আরও দুজনকে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তারা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের একাংশের মতে — দীর্ঘদিন কারখানা বন্ধ, ছুটি, বেতন অনিশ্চয়তা আর রাস্তায় দৌড়ঝাঁপের পর অন্তত একটি নির্দিষ্ট অঙ্ক এসেছে। এখন কাজে ফিরে ডিসেম্বর থেকে নতুন বেতন পাওয়াটাই জরুরি।
এই অংশের শ্রমিকরা বলছেন, ৩০ হাজার টাকার দাবি আদায় না হলেও ১২ হাজার ৫০০ থেকে ১৭ হাজার টাকায় ওঠা ফেলে দেওয়ার মতো নয়। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক শ্রমিক কাজে যোগ দিতে চাইছেন। ভোগড়া, চান্দনা চৌরাস্তাসহ কয়েকটি এলাকায় সকালে শ্রমিকদের দলবদ্ধভাবে কারখানার দিকে যেতে দেখা গেছে।
অন্যদিকে আন্দোলনকারীদের একটি অংশ, বিশেষ করে যারা শুরু থেকে ৩০ হাজার টাকার দাবিতে রাস্তায় ছিলেন, তারা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। সকালে কয়েকটি স্থানে দেখা গেছে, একাংশ শ্রমিক এখনো বেশি বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের যুক্তি — বাসাভাড়া, খাবার, চিকিৎসা আর যাতায়াতের খরচ যে হারে বেড়েছে, তাতে ১৭ হাজার টাকায় পরিবার চালানো যাবে না। মঙ্গলবার পরিস্থিতি ছিল উত্তপ্ত। দিনের বিভিন্ন সময় ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ ছিল যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ইয়ার্সেল সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। উত্তেজিত শ্রমিকরা একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে। এমন পরিস্থিতিতে ৭০ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। মজুরি বোর্ডের সিদ্ধান্ত এখন শ্রম মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। মন্ত্রণালয় অনুমোদন দিলে ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হবে, আর জানুয়ারিতে শ্রমিকরা নতুন বেতনে প্রথম বেতন পাবেন। এরই মধ্যে আজ সকালে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় শ্রমিকদের একাংশ বেতন আরো বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন। শ্রমিকরা টঙ্গীর সাতাইশ এলাকায়, গাজীপুরের ভোগড়া, নাওজোড় এলাকায়, শ্রীপুরের আনসার রোড সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মহাসড়কে ও আঞ্চলিক সড়কে নেমে বিক্ষোভ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোথাও বুঝিয়ে, আবার কোথায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।
অন্যদিকে, গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়া তাদের আয়বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এ কথা বলেন। একইসঙ্গে তিনি জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানান।
উপদেষ্টা বলেন, শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ-নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
তিনি বলেন, ২০২৩ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের মাথায় আবারও বেড়েছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি। এবার গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরেও তাদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে। মাস শেষে মোট আয় আরও বাড়বে।
মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাদের ঘাম ও শ্রমে তৈরি “মেড ইন বাংলাদেশ” আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন মাহ্দী আমিন।
ওদিকে, তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। ঘোষিত নতুন মজুরি কাঠামোকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করে তারা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন মজুরি কাঠামো কার্যকর হলে শ্রমিকদের আর্থিক সুরক্ষা বাড়বে, কর্মক্ষেত্রে অসন্তোষ কমবে এবং পোশাকশিল্পে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে। শ্রমিক নেতারা মনে করেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের সক্ষমতার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ঘোষিত মজুরির সুফল শ্রমিকদের কাছে পৌঁছে দিতে মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাড়িভাড়া নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের ওপরও তারা গুরুত্ব দিয়েছেন।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, মালিক ও শ্রমিকপক্ষ এবং মজুরি বোর্ডের অন্যান্য সদস্যদের ভোটাভুটির মাধ্যমে যে সিদ্ধান্ত এসেছে, তা আমাদের প্রত্যাশার পুরোপুরি প্রতিফলন না ঘটালেও বর্তমান বাস্তবতায় আমরা এটিকে স্বাগত জানাই।
তিনি বলেন, এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, ঘোষিত এই মজুরি কত দ্রুত এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করা।
নতুন মজুরি ঘোষণার পর চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন স্থানে এখনো শ্রমিকদের বিক্ষোভ চলছে। তবে নতুন মজুরি ঘোষণার ফলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম এত দ্রুত সময়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের দাবি পূরণে সরকার নতুন মজুরি ঘোষণা করেছে। এটি একটি ইতিবাচক উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নতুন মজুরি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমিকরা আন্দোলন থেকে ফিরে আসবেন এবং নতুন উদ্যমে কর্মস্থলে কাজে যোগ দেবেন।





