সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

Sadek Ali
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:১৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাভারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের সূত্র ধরে কথা-কাটাকাটি শুরু হয়। 

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় ৩৮ কারখানা বন্ধ, আহত ৩

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে অপর পক্ষের লোকজন কোপ দেন বলে জানায় পুলিশ। এর জেরে আমির হোসেন ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সামান্য একটি পারিবারিক বিরোধের জেরে এভাবে প্রাণহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।