প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতারা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৫১ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১টার দিকে এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদ বাস্তবায়ন হলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন।

এনসিপি সূত্র জানিয়েছে, বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে দলটি। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবিও জানানো হবে। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।

আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত বৈঠকও হয়।

এরই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী। প্রথম দল হিসেবে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।