আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে আহত ৩ পুলিশ, ভাঙচুর ২ গাড়ি

Shahrier Islam Pallab
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৩১ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ার জিরাবোতে একটি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের দুটি গাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় অরুণিমা নামের একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে নির্ধারিত সময়ে শ্রমিকেরা বিভিন্ন কারখানায় উপস্থিত হয়ে কাজে যোগ দেন। পরে জিরাবো পুকুরপাড় এলাকার অরুণিমা কারখানায় শ্রমিকেরা কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। তবে ছুটির পরও শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অরুণিমা কারখানাটি কিছুদিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে পুনরায় চালু হয়েছে।

বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। কিন্তু শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে অবস্থান করে হইচই করতে থাকেন। খবর পেয়ে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও বিশেষ টিম ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার আহ্বান জানালেও তাঁরা ওপর থেকে ইট-পাটকেল ও কাচের টুকরা নিক্ষেপ করতে থাকেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়। শ্রমিকেরা সেখান থেকে চলে যাওয়ার পর পুলিশের অবস্থান করা স্থানে থাকা দুটি গাড়ির কাচ ভাঙচুর করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যের মাথায় আঘাত লেগেছে। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া পুলিশের আরেক সদস্য গাড়ির কাচ ভাঙা দিয়ে হাত কেটে আহত হয়েছেন। তাঁকেও চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান থাকলেও বৃহস্পতিবার মোট ৬৫টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইন ১৩(১) ধারায় ২৮টি কারখানা বন্ধ রাখা হয়েছে। কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করা হয়েছে ছয়টি কারখানায়। এ ছাড়া শ্রমিকেরা কারখানায় উপস্থিত থাকলেও কাজে যোগ না দেওয়ায় বন্ধ রয়েছে আরও ১৮টি কারখানা। বাকি ১৩টি কারখানা বন্ধ থাকার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন। কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।