আজ আনফ্রেন্ড দিবস, বন্ধু তালিকা থেকে বাদ পড়বেন কারা?
ব্যস্ত এ জীবনে বাস্তবে বন্ধুর সঙ্গে আজকাল সময় কাটানো হয়না। তাই বলে এটা সত্য মানুষ একেবারে যে বন্ধুহীন থাকেন তাও নয়। সোশ্যাল মিডিয়ার বদৌলতে পরিচিত বা অপরিচিত সবার সঙ্গে সহজেই বন্ধুত্ব হয়ে যায়। আবার এই তালিকায় যুক্ত থাকে অনেক বিরক্তিকর ও অপছন্দের মানুষও।
কাজের ব্যস্ততায়, আলসেমি, চক্ষু লজ্জায় কিংবা অন্য কোনো কারণে তাদের বন্ধু তালিকা থেকে ছাঁটাই করা যায় না। তবে আজকের দিনে সে সুযোগ সহজেই কাজে লাগানো যেতে পারে। কারণ, আজ (১৭ নভেম্বর) আনফ্রেন্ড দিবস।
আরও পড়ুন: কিডনিতে পাথর হওয়ার আগে শরীর কী সংকেত দেয়
২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা ‘বন্ধু ছাঁটাই করার দিন’ প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিলো সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেয়া।
ফেসবুকের বন্ধু তালিকায় হয়তো জমে গেছে অসংখ্য মানুষের নাম। কিন্তু তালিকায় থাকা সবাইকে যে চেনেন, তা নয়। অনেকের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিলেন, কখন বন্ধুত্ব হয়েছিল, কিংবা আদৌ কখনো পরিচয় হয়েছিল কি না-এসব প্রশ্নের উত্তরও অজানা। দিনের পর দিন এমন অপরিচিত মানুষের ভিড় বাড়তেই থাকে ভার্চুয়াল জগতে। তাই অপ্রয়োজনীয় এই সম্পর্কগুলো থেকে বেরিয়ে এসে বন্ধু তালিকাকে একটু গুছিয়ে নেয়ার দারুণ এক উপলক্ষ্য হতে পারে ‘আনফ্রেন্ড ডে’।
আরও পড়ুন: চুল পড়া কমাতে সকালে মেনে চলুন ৭ অভ্যাস, উপকার পেতে পারেন সহজেই
একসময় বন্ধুত্ব বলতে বোঝাত এমন এক সম্পর্ক, যেখানে জড়িয়ে থাকে আন্তরিকতা, বিশ্বাস আর ব্যক্তিগত পরিচয়। কিন্তু ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারে সেই ধারণায় এসেছে পরিবর্তন। এখন সামনাসামনি কখনো দেখা হয়নি, এমন মানুষের সঙ্গেও অনলাইনে গড়ে উঠছে বন্ধুত্ব। ফেসবুকে পরিচিত-অপরিচিত মিলিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ বন্ধু তালিকা। আবার সেই তালিকা থেকে কাউকে বাদ দেওয়ার জন্যও তৈরি হয়েছে আলাদা পরিভাষা-‘আনফ্রেন্ড’। অর্থাৎ, ভার্চুয়াল জগতে বন্ধুত্বের মতো সম্পর্ক ছিন্ন করারও রয়েছে নিজস্ব একটি নাম।
২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা ‘বন্ধু ছাঁটাই করার দিন’ প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিলো সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেয়া। বন্ধু বা ফ্রেন্ড শব্দটি অনেক আগে থেকেই আমাদের খুব পরিচিত একটি শব্দ। বলতে গেলে শত বছরের প্রচলিত একটি শব্দ। কিন্তু, ‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল ‘আনফ্রেন্ড’। যার সংজ্ঞা হলো- ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কাউকে ‘বন্ধু’ তালিকা থেকে বাদ দেয়া। ‘আনফ্রেন্ড দিবস’ বিশ্বের অনেক দেশেই পালন করা হয় আনন্দের সঙ্গে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ দিবস নিয়ে নানা স্ট্যাটাস এবং লেখালেখি চোখে পড়ে।
যেমন, আজ বুঝি অনেকের বন্ধুত্বের মেয়াদ শেষ হতে চলেছে!, যারা বারবার টাকা ধার চান, কিন্তু ফেরত দেয়ার নাম নেই; যারা প্রতিদিন নিজেদের পছন্দের পেজে লাইক দেওয়ার অনুরোধ করেন; কিংবা যাদের প্রতিটি পোস্টেই থাকে কোনো না কোনো অভিযোগ। তবে মজা করতে করতে একটা বিষয় মনে রাখা দরকার। আনফ্রেন্ড ডে কেবল অচেনা মানুষদের বিদায় জানানোর দিন নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও ভাবার সুযোগ। যেমন, ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে গিয়ে কাছের মানুষদের সময় দেওয়া হচ্ছে কি না? পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে জায়গাটা উপভোগ করার চেয়ে ছবি তুলে পোস্ট করতেই বেশি ব্যস্ত কি না? এসব নিয়ে ভাবার বিষয় আছে বৈকি! কারণ যে মুহূর্তগুলো প্রিয়জনদের সঙ্গে আনন্দ করে কাটানোর কথা, সেগুলোই যদি ছবি তোলা আর পোস্ট করার ব্যস্ততায় হারিয়ে যায়, তাহলে লাভ কী?
তাই আজ চাইলে একবার নিজের ভার্চুয়াল বন্ধু তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন। যাদের সঙ্গে যোগাযোগ নেই, যাদের উপস্থিতি কেবল বিরক্তির কারণ, তাদের বিদায় জানানোর সুযোগ তো আছেই। তবে মনে রাখতে হবে, আনফ্রেন্ড করলেই শত্রুতা নয়; কখনো কখনো নিজের ব্যক্তিগত পরিসর ও মানসিক স্বস্তি রক্ষার জন্যও কিছু দূরত্ব প্রয়োজন।





