কুমিল্লায় আগাম আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

Sadek Ali
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হেমন্তের শিশিরভেজা সকালে অগ্রহায়ণের শুরুতেই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় কৃষক-কৃষাণিদের মুখে ফুটেছে হাসি। মাঠজুড়ে এখন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা।

উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সোনালি ধানে ভরে উঠছে মাঠ। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে চলতি মৌসুমে আমন চাষ নিয়ে কৃষকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ব্যাবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৩৬৭ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার ৫ হাজার ৪১১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

শশীদল ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম বলেন, “এ বছর ৪৫ শতাংশ জমিতে আমন ধান আবাদ করেছি। ধান কাটা শুরু করেছি। ফলন বেশ ভালো হয়েছে। ভালো ফলন পেয়ে আমরা আনন্দিত।”

আরও পড়ুন: সোনারগাঁয়ে উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল মতিন বলেন, ব্রাহ্মণপাড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে পুরো উপজেলায় প্রায় ৩ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মধ্যেই প্রায় অর্ধেক ধান কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে আমন আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়া এবং ফলন ভালো হওয়ায় কৃষি খাতে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই ধান ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।

সব মিলিয়ে আগাম আমন ধানের ভালো ফলন ও অনুকূল আবহাওয়ায় ব্রাহ্মণপাড়ার কৃষকদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। সোনালি ধানের সমৃদ্ধিতে গ্রামীণ কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।