লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের

Sanchoy Biswas
মো. আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মেডিকেল টেকনোলজিস্টসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলায় ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন এবং বিকেলে কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক স্বাস্থ্যকর্মী নিহত হন। এসব দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে।

নিহত মেডিকেল টেকনোলজিস্টের নাম মো. রবিউল ইসলাম (৩১)। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আনুর বাজার এলাকার মৃত সাজ মিয়ার ছেলে এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল তেল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকালে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় রংপুর-বড়বাড়ী মহাসড়কে ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হন।

আরও পড়ুন: গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করল পুলিশ

নিহতরা হলেন—পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং সদর উপজেলার কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে যানবাহনগুলোর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক মারা যান। দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা যায়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।