আগরতলায় আওয়ামী লীগ নেতাদের সফরের খবরে আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সফরের খবর ছড়িয়ে পড়েছে। এ খবরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: মঠবাড়িয়া বিআরডিবি অফিসে দুর্বৃত্তদের আগুন, মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আগরতলায় পৌঁছান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ৫ থেকে ৭ জন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের আগরতলায় আসার খবর ছড়িয়ে পড়লে বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে যান। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হরিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ খামারির মাঝে বকনা বাছুর বিতরণ

কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুলসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। তারা খবর পেয়েছেন, ওই তিন উপজেলার যেকোনো একটি সীমান্ত দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।