মঠবাড়িয়া বিআরডিবি অফিসে দুর্বৃত্তদের আগুন, মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

Sanchoy Biswas
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মাইক্রোবাসের অনেকাংশ ও একটি মোটরসাইকেলের আংশিক পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বিআরডিবি অফিস সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: আগরতলায় আওয়ামী লীগ নেতাদের সফরের খবরে আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ

অফিসের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৪টার দিকে বিআরডিবি অফিসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুনের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, অফিসের পাশে রাখা বিআরডিবির সভাপতি মনিরুজ্জামানের মাইক্রো গাড়িতে আগুন জ্বলছে এবং অফিসের বারান্দায় রাখা ৪টি মোটরসাইকেলের মধ্যে একটিতে আগুন জ্বলছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের আত্মচিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে মাইক্রো গাড়ির অনেকাংশ ও মোটরসাইকেলের আংশিক পুড়ে যায় এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে বিআরডিবি রক্ষা পায়।

আরও পড়ুন: হরিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ খামারির মাঝে বকনা বাছুর বিতরণ

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, একটি অচেনা লোক ভিতরে এসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, রাত ৪টায় হঠাৎ ফোন পেয়ে জানতে পারেন বিআরডিবি দপ্তরে আগুন জ্বলছে। তিনি তাৎক্ষণিকভাবে ছুটে এসে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান। সঠিক তদন্তের মাধ্যমে দুর্বৃত্তকে শনাক্ত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, বিআরডিবি অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দুর্বৃত্তকে শনাক্ত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।