ধানমন্ডিতে গ্যাসের আগুনে প্রাণ গেল মা-ছেলের, হাসপাতালে আরও ৩ জন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবা (৩০) ও তার দেড় বছর বয়সী ছেলে আর এস রেহমান। একই ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের মা ও শিশুসন্তানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যু হলো। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: রাজধানীর রায়েরবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট

নিহত সাবা (৩০) শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর কয়েক ঘণ্টা পর শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তার দেড় বছর বয়সী ছেলে আর এস রেহমানের।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

তিনি জানান, সাবার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, দেড় বছর বয়সী আর এস রেহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনে তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। শেষ পর্যন্ত শনিবার ভোরে শিশুটিও মারা যায়।

এ ঘটনায় দগ্ধ অন্য তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাঁদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাঁরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

একটি গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের মা ও শিশুসন্তানের মৃত্যু এবং আরও তিনজনের দগ্ধ হওয়ার ঘটনায় কাঁঠালবাগানের এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।