সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ দেখতে দর্শনার্থীদের ভিড়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের পাঁচটি স্থানে নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ পান দর্শনার্থীরা। এ আয়োজনে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এ উপলক্ষে ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অপরাজেয় জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিভ্রান্তিকর প্রচারণার দাবি

নৌবাহিনীর এ বিশেষ আয়োজনে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাহাজ পরিদর্শনের মাধ্যমে সাধারণ মানুষ নৌবাহিনীর জাহাজ ও নৌযানের বিভিন্ন অংশ, দৈনন্দিন কার্যক্রম এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। এ সময় নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে তথ্য দেন এবং জাহাজ পরিদর্শনে সহযোগিতা করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন, সদস্যসেবায় আধুনিকায়নের গুরুত্ব

একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অবদান ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।