সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) বিকাল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়। এ সময় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও ঘটনাস্থলে অবস্থান করতে দেখা গেছে।
আরও পড়ুন: শুক্রবার ছুটির দিনভর দুর্ভোগের ‘বৃষ্টি’
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর রাত পৌনে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমরা ওই বাসায় একটা তথ্য পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
তার কাছে জানতে চাওয়া হয়, তারানা হালিম না হলে বিষয়টি কী? জবাবে তিনি বলেন, ‘আমি তো উত্তর দিয়ে দিয়েছি অলরেডি।’
আরও পড়ুন: সড়কে হতাহতদের স্মরণে দিবস পালন, নিরাপদ ফুটপাত ও সড়ক নিশ্চিত করার আহ্বান ডিএনসিসির
এদিকে, গুলশানে তারানা হালিমের বাসার নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, শনিবার বিকাল ৩টার পর পুলিশ সেখানে আসে। এ সময় তারা মালপত্র নামানোর বিষয়টি দেখতে পান। তবে বাসায় ‘স্যার’ ছিলেন না বলে জানান তিনি।
‘স্যার’ বলতে তারানা হালিমকে বোঝানো হচ্ছে কি না, জানতে চাইলে শরিফ মিয়া সম্মতিসূচক জবাব দেন। তিনি বলেন, ‘উনি তো এমপি আছিল। উনি তো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাসা চারতলায়। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’
ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা যায়। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, ভবনের নিরাপত্তাকর্মী এবং গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারানা হালিমকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও তার পরিচিতি রয়েছে।





