আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, ঢাকার সড়কে স্বাভাবিক জীবনযাত্রা
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড ছিল প্রায় স্বাভাবিক। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে সাধারণ মানুষকে।
সকালে রাজধানীর মিরপুর, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল চোখে পড়ে। সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করেছে অন্যান্য দিনের মতোই। তবে ঝিরিঝিরি বৃষ্টি ও শীতের কারণে দিনের শুরুতে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। নগরীর কয়েকটি এলাকায় যানজটও দেখা যায়।
আরও পড়ুন: কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ
গুলশান এলাকার ট্রাফিক পরিদর্শক আ. বহমান জানান, সকালে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বর্তমানে অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে যানবাহনের চাপ সামলাতে হচ্ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।
আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ
পুলিশ সূত্র জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।





