নিকলীতে গভীর রাতে পুলিশের ঝটিকা অভিযান, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Any Akter
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:০৭ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৪ আগস্টের ঘটনায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবুল কালাম; আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ।কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মো. আবুল কালামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিকলী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম ওই এলাকার প্রয়াত হাতেম আলীর ছেলে। তিনি ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলা, নির্যাতন ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শরীফুজ্জামান, এসআই তুষার, এসআই সাগর বিশ্বাস ও এএসআই আমজাদ হোসেন অংশ নেন।

আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি

গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে পুলিশ জীবনের ঝুঁকি নিতেও পিছপা হবে না।