ঢাকার পর এবার ইসলামাবাদেও নারীদের জন্য পিংক বাস

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ঢাকার পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও চালু হতে যাচ্ছে বিশেষ পিংক বাস সার্ভিস। প্রাথমিকভাবে ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নিয়ে এ সেবা চালুর পরিকল্পনা করছে ইসলামাবাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আগামী তিন মাসের মধ্যে বাসগুলো চালু হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পিংক বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। চীন থেকে বাসগুলো আমদানির দায়িত্ব দেওয়া হতে পারে হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলাকে (এইচআইটি)। এর আগে ইসলামাবাদের বিদ্যমান বৈদ্যুতিক বাস সার্ভিসের জন্য ১৬০টির বেশি বাস সংগ্রহেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।

আরও পড়ুন: ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান!

বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। সিডিএর ঠিকাদারের মাধ্যমে পরিচালিত এ গণপরিবহন সেবায় যাত্রীদের সাড়াও ইতিবাচক। তবে ব্যস্ত সময়ে বাসে আসন পেতে নারী ও কিশোরীদের ভোগান্তির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ পরিস্থিতিতে শুধু নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে বোর্ডের অনুমোদন নিতে সংশ্লিষ্ট বিভাগকে সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে বাস আমদানির জন্য এইচআইটির সঙ্গে যোগাযোগ করা হবে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রাথমিকভাবে বিদ্যমান বাস সার্ভিসের রুটগুলোতেই পিংক বাস চালানোর পরিকল্পনা রয়েছে। তবে যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নতুন রুটও যুক্ত করা হতে পারে। ওই কর্মকর্তা আরও জানান, যত দ্রুত সম্ভব পিংক বাস সার্ভিস চালুর লক্ষ্য রয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট ঢাকায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা।