১৯ সংগঠনের মুখপাত্রের পদ ছাড়লেন জয় চৌধুরী

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলচ্চিত্র অঙ্গনের বিরোধ এবার নতুন দিকে মোড় নিয়েছে। চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী হেলাল খানের নেতৃত্বাধীন ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা এবং তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছেন জয়। সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান এই চিত্রনায়ক।

বার্তায় জয় চৌধুরী অভিযোগ করেন, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। এমনকি তাঁর সামনেই হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগত ব্যক্তিরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় কথা বলেছেন।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী

জয়ের আরও অভিযোগ, চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এসব ঘটনার পর হেলাল খানের নেতৃত্বাধীন প্ল্যাটফর্মে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরী এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এ বিষয় নিয়ে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করেন হেলাল খান।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা। দুই পক্ষের বিরোধ নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন চিত্রনায়ক হেলাল খান। সদস্যসচিব হিসেবে আছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। এবার সেই দায়িত্ব থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

জয় চৌধুরীর এই সিদ্ধান্তে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের নেতৃত্ব ও অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এফডিসিকেন্দ্রিক বিরোধের প্রভাব চলচ্চিত্র সংগঠনগুলোর ঐক্যে কতটা পড়ে, এখন সেটিই দেখার বিষয়।