দেশে-বিদেশে সরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা

এ ছাড়া চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে পৃথক দুটি প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল ও সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন প্রশ্ন দুটি করেন।

অর্থমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন, ২০২৬ অনুযায়ী চলতি অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

তবে অর্থবছর শেষে ঋণ পরিশোধের চূড়ান্ত পরিমাণে কিছুটা পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে তিনি বলেন, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগে থেকে অনুমান করা সম্ভব নয়। এসব খাতে অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ কম-বেশি হওয়ার ওপর বছর শেষে মোট ঋণ পরিশোধের হিসাব নির্ভর করবে।

অন্য এক প্রশ্নে সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন জানতে চান, বিগত সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের বোঝা থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকার বিশেষ কোনো পদক্ষেপ নিয়েছে কি না। নিয়ে থাকলে সেগুলো কী এবং এ পর্যন্ত সরকার কী পরিমাণ ঋণ পরিশোধ করেছে।

জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনশীল পর্যায়ে রাখতে কাজ করছে বর্তমান সরকার। বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো, বৈদেশিক ঋণের মাধ্যমে নতুন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা।

তিনি আরও জানান, বৈদেশিক ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহায়ক হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ করে উচ্চ সুদ এবং স্বল্পমেয়াদি অনমনীয় শর্তে বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।