সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক
শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতে এ তথ্য জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি।
সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি। তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো। ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই
ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা: বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এদিন সংসদ অধিবেশনের শুরুতে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি সংসদকে বলেন, সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।
তবে এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার আসনটি শূন্য ঘোষণা করেন। একই দিন ঢাকা মেইলকে উপনির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব। স্থানীয় সরকার নির্বাচনে এ উপনির্বাচনের প্রভাব পড়বে কি না, জানতে চাইলে তিনি বলেন, না, প্রভাব পড়বে না। এমন হতে পারে, ওই এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নাও করতে পারি। আবার দুটি নির্বাচন একসঙ্গে করা যাবে কি না, সেটিও পর্যালোচনা করে দেখা হবে। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
পদত্যাগ পত্রে যা উল্লেখ করলেন ওসমান ফারুক:
আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর ২০২৬ তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আপনাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করছি। আপনি হয়তো ইতিমধ্যেই অবগত আছেন যে, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছি। এই পরিস্থিতিতে আমার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা আমার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে আমি গভীরভাবে মর্মাহত। আমি আন্তরিকভাবে আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনি, জাতীয় সংসদে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় কিশোরগঞ্জবাসী হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়। একসঙ্গে দায়িত্ব পালনকালে আপনার আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।





