কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় অবস্থিত এক্সিবিশন সেন্টারে সম্মেলনে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কপ-৩১-এর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড লিডার সামিটে যোগ দেবেন। এ ছাড়া জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।
আরও পড়ুন: নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আরও জানান, সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের। এ ছাড়া রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হবে এ সম্মেলনে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির





