নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জার্মানি থেকে পালিয়ে যাওয়া হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার তুলনা করেন তিনি। একই সঙ্গে অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানবাধিকার সমুন্নত রেখে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

বক্তব্যের শুরুতে বিরোধীদলীয় নেতার অতীতের কয়েকটি বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পরপরই ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাঁদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছেন, তাঁদের ক্ষমা করে দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর ধরে যে নির্যাতন চালিয়েছে, কোনো অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই এভাবে একতরফা ক্ষমা করে দেওয়াকে দেশবাসী ও সরকার যৌক্তিক মনে করে না। এমনকি ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের অনুষ্ঠানেও তিনি ফ্যাসিস্টদের রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান নাশকতাকে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৪ সালের ৪ জুন তৎকালীন হোটেল শেরাটনের সামনে আওয়ামী লীগের ডাকা হরতালে গানপাউডার দিয়ে বিআরটিসির বাসে আগুন ধরিয়ে যেভাবে জীবন্ত ১১ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, সেই ইতিহাস দেশবাসী ভোলেনি। এমনকি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রয়েছে।

সীমান্তের ওপার থেকে সাম্প্রতিক অস্থিরতায় মদদ দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে একমত। তবে ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের সঙ্গে এই মদদের কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও কলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের তালিকা তৈরি এবং তাঁদের ঘরবাড়ি ভাঙার হুমকি দেওয়ার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ফিরলে নাকি জুলাই বিপ্লবীদের শিক্ষা দেবেন। কিন্তু মহান আল্লাহ হয়তো তাঁকে আর সেই সুযোগ দেবেন না।

তিনি বলেন, যেভাবে পুরো একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি ছেড়ে পালানোর সঙ্গে এর তুলনা চলে। নাৎসিরা যেমন আর ফিরে আসতে পারেনি, তেমনি ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও আর বাংলাদেশে ফিরতে পারবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর কখনোই পেটোয়া বাহিনীতে পরিণত করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তবে প্রয়োজনে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও ঘোষণা দেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং জুলাই আন্দোলনের গণহত্যার বিচারের অঙ্গীকার পূরণে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এখন থেকে জেলায় জেলায় তদন্ত কার্যক্রম শুরু করবে।

সরকারের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতাকে দুর্বলতা না ভাবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না, আয়নাঘরে থাকতে হবে না কিংবা রিমান্ডে অমানবিক নির্যাতন সহ্য করতে হবে না। এই উদারতার সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই নাশকতাকারীদের সব চক্রান্ত সরকার নস্যাৎ করবে।