ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা
মৌলভীবাজারের জুড়ীতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই তরুণ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা
ভুক্তভোগী নারী পুলিশ সদস্য (৩০) জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তাঁরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিউটি শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ সদস্য। বাসার কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই তরুণ তাঁর মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, দুই যুবক গ্রেফতার
ওই নারী পুলিশ সদস্যের স্বামী জানান, ডিউটি শেষে প্রায়ই তাঁর স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাত ৮টার দিকে থানা থেকে বাসায় ফিরছিলেন তিনি। তখন তাঁর পরনে পুলিশের ইউনিফর্ম ছিল না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে এক তরুণ তাঁর স্ত্রীর মুখ চেপে ধরে। এরপর জোর করে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসে ছিল। তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজে দুই তরুণকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ওই স্থানের আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুজনকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন তাঁর পিছু নেয়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





