সরকারি অনুদান ছাড়াই হাওরে চাঁদা তুলে সেতু তৈরি করছেন গ্রামবাসী

Shahrier Islam Pallab
এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একটি সেতুর অভাবে বছরের পর বছর চরম দুর্ভোগ ও বিচ্ছিন্ন জীবন পার করছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের তিন গ্রামের প্রায় সাড়ে দশ হাজার মানুষ। দীর্ঘদিনের এই যন্ত্রণাদায়ক ভোগান্তি থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজেদের উদ্যোগেই সেতু নির্মাণ শুরু করেছেন স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীরা।

পংধূলন, হরিপুর ও গল্লী গ্রামের মানুষের যোগাযোগের প্রধান প্রতিবন্ধক বন্নী নদী কাটা খাল। নদীর দুই তীরে বসতি থাকলেও এতদিন পারাপারের একমাত্র অবলম্বন ছিল নৌকা। বৈরী আবহাওয়া, দীর্ঘ অপেক্ষা আর নৌযান না পাওয়ার অনিশ্চয়তা ছিল নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বর্ষাকালে পানির প্রবাহ বাড়লে নৌকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। সবচেয়ে বেশি বিপাকে পড়তেন স্কুল-শিক্ষার্থী ও রোগীরা। প্রতিদিন নদী পার হয়ে রায়টুটি স্কুল ও রাজি মাদ্রাসায় যাতায়াতকারী অর্ধশতাধিক শিক্ষার্থীর সময়মতো ক্লাসে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো অভিভাবকদের।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

এছাড়া এলাকার কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে কৃষকদের বাড়তি সময় ও পরিবহন ব্যয় গুনতে হতো। একসময়ে সেতু নির্মাণের একটি উদ্যোগ নেওয়া হলেও সেটি অন্য স্থানে চলে যাওয়ায় এলাকাবাসীর প্রত্যাশা অনিশ্চয়তায় পড়েছিল।

এই স্থবিরতা ভাঙতে এগিয়ে আসেন গ্রামের প্রবাসী ও সাধারণ মানুষ। সবার স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে বন্নী নদী কাটা খালের ওপর সাড়ে ৩৫০ ফুট দীর্ঘ একটি স্টিলের সেতু নির্মাণের কাজ শুরু হয়।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

সেতু নির্মাণের অন্যতম উদ্যোক্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, “সরকারি বরাদ্দের আশায় বসে থাকলে আরও কয়েক বছর কেটে যেত। তাই গ্রামের মানুষ একসঙ্গে বসে নিজেদের উদ্যোগে কাজ শুরু করি। প্রবাসীরা যেমন ভালো সহযোগিতা করছেন, তেমনি গ্রামের সাধারণ মানুষও সামর্থ্য অনুযায়ী সাধ্যমতো এগিয়ে এসেছেন।”

উদ্যোক্তারা জানান, ইতোমধ্যে সেতুর নিচের পিলার ও দুই পাশের সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সেতুর ওপরের অংশে স্টিলের কাঠামো ও প্রয়োজনীয় উপকরণ বসানোর কাজ চলছে। সার্বিকভাবে প্রকল্পের ৫৫ থেকে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় যুবক জাকির হোসেন ও শিক্ষার্থী মেহজাবিন ছোয়া জানান, সেতুটি চালু হলে যাতায়াতের দীর্ঘদিনের কষ্ট দূর হবে এবং শিক্ষার্থীরা নিরাপদে ও নির্দিষ্ট সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারবে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সহজে বাজারে নিতে পারায় এলাকার অর্থনীতিতেও গতি আসবে।

রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিলকী (বাবু) জানান, ইউনিয়ন পরিষদের বাজেটে বরাদ্দ না থাকায় তখন সরকারিভাবে সহায়তা করা সম্ভব হয়নি; তবে গ্রামবাসীর এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর এ প্রতিবেদককে বলেন, “স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে গ্রামবাসীর অর্থায়নে নির্মিত এই সেতুটির অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছি। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে কোনো বরাদ্দ না থাকলেও, উপজেলা পরিষদের এডিবি বরাদ্দ থেকে কাজটিতে সাধ্যমতো আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।”

সবার সম্মিলিত এই প্রচেষ্টায় খুব শীঘ্রই সেতুটির কাজ শেষ হবে—এমনটাই প্রত্যাশা করছেন নদীর দুই পাড়ের হাজারো মানুষ।