মাদক-সন্ত্রাসমুক্ত নিরাপদ গাজীপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চান নতুন জিএমপি কমিশনার

Shahrier Islam Pallab
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ। এ লক্ষ্য অর্জনে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে জিএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

জিএমপি কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ জন্য পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিকরা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন ঘটনা সম্পর্কে সাংবাদিকরা তথ্য জানতে চাইলে দ্রুত ও প্রয়োজনীয় তথ্য সরবরাহের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক দিনকালের প্রতিনিধি দেলোয়ার হোসেন, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান, চ্যানেল আইয়ের প্রতিনিধি ফজলুল হক মোড়ল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইকবাল আহমদ সরকার প্রমুখ।

এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আশিক সাঈদ। ১৯৭৫ সালে মেহেরপুরে জন্মগ্রহণকারী আশিক সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।