তদন্ত কমিটি গঠন
মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত
মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয় আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে।
মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকি ট্রাম্পের
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, কার্গো কন্টেইনারের ভেতরে থাকা ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়ে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) ও সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তাঁরা প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করতেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। তবে জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা জানান, কন্টেইনারের ভেতরেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মস্থলে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্রমমন্ত্রী রেজা উতিম। পাশাপাশি তিনি জানিয়েছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া স্বজনদের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থাও প্রতিষ্ঠানটিকে করতে হবে।
সূত্র: ডেফি মিডিয়া





