শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট লাগবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দিল্লি থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগ নিয়ে কোনো ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না বাংলাদেশ। করিডোরটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে। তিনি বলেন, আঞ্চলিক এ করিডোরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

চীনের প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এ সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।

আরও পড়ুন: ৮ মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী