পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০০ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২২ সদস্যের কাফেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে এ উপলক্ষে দোয়া ও শুভযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ রদবদল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ওমরাহযাত্রীদের সুস্বাস্থ্য ও নিরাপদ সফর কামনা করেন। পাশাপাশি যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি দেশ ও বাহিনীর কল্যাণে দোয়া করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের উপযুক্ত সময় তারুণ্য। জীবনের শুরু থেকেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব ধরনের সংস্কারের মূল ভিত্তি মানসিকতার পরিবর্তন। তাই ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: এসআরবি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। পবিত্র ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ যেন সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়।

ওমরাহ সফর উপলক্ষে মনোনীত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে মহাপরিচালক পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা ও ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা দেন। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি সফরসংশ্লিষ্ট নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে যাত্রা সম্পন্ন করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।