হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ, আগুন
হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, দিনের প্রথম প্রহর থেকেই এসব ঘটনা শুরু হয়। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের তীব্রতা এত বেশি ছিল যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে অবস্থানরত জেলেরা রাতের আকাশ উজ্জ্বল আলোয় আলোকিত হতে দেখেন।
আরও পড়ুন: বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত
বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে কৌশলগত এই জলপথ অতিক্রমের জন্য অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করছিল। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাত পায়। বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায় এবং হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে সেগুলো জ্বলতে থাকে বলে দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী।
আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বারবার জানানো হয়েছে।
আরও পড়ুন: বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যারা এসব নিয়ম উপেক্ষা করে অনুমোদনহীন পথে চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে, তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।
তবে তিনটি ট্যাংকারের নাম, সংশ্লিষ্ট জাহাজগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।





