জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Sadek Ali
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৫০ কেজি জিরা, ৪০০ কেজি চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ, একটি গরু ও একটি পিকআপ।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজারে অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল। সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ২৯ লাখ টাকা।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ১

এ ছাড়া ২৭ অক্টোবর রাতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি ভারতীয় চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ ও একটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য পাঁচ লাখ ৮০ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার