আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, যা বললেন স্ত্রী
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে বিশাল সেন্টারের সামনে পার্ক করে রাখা গাড়িটিতে গুলির ঘটনা ঘটে। তবে এ সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে অন্ধকারে রয়েছেন আসিফ আকবর ও তার পরিবার।
শনিবার(২৪ অক্টোবর) সকালে সংবাদমাধ্যমকে ঘটনার বিবরণ দেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি জানান, ওপর থেকে সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখেছেন এবং গুলির শব্দও শুনেছেন। পরে নিচে থাকা নিরাপত্তাকর্মীর ডাকাডাকিতে তিনি নিচে নেমে আসেন। এ সময় কাউকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: রোমান্স, রহস্য আর প্রতিশোধের গল্পে আসছে নতুন ৫ কে-ড্রামা
সালমা আসিফ মিতু বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে এসেছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’
আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তার স্ত্রী বলেন, তাদের সন্দেহ করার মতো নির্দিষ্ট কেউ নেই। দীর্ঘদিনের জীবনে তারা কাউকে সন্দেহ করার মতো কোনো পরিস্থিতির মুখোমুখি হননি বলেও জানান তিনি।
আরও পড়ুন: জীবনযুদ্ধে থেমে গেলেন মডেল তুলনা হারুন
তিনি বলেন, আসিফ সব সময় সবার সঙ্গে মিলেমিশে চলেছেন এবং ন্যায্য কথা বলেছেন। এমন ঘটনা তাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা বুঝতে পারছেন না তারা। ঘটনার সময় আসিফ ঘুমাচ্ছিলেন এবং বর্তমানে সুস্থ আছেন বলেও জানান সালমা আসিফ মিতু।
এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করে রাখা তার গাড়ি লক্ষ্য করে ভোরের দিকে গুলি ছোড়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিং এলাকায় গাড়িটি রাখা ছিল। শনিবার ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা পুলিশ।
পুলিশ আরও জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।





