‎নেত্রকোণায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

Shahrier Islam Pallab
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৭ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণায় অভিযান চালিয়ে ৫৬০ বোতল ভারতীয় ফেনসিডিলজাতীয় মাদক ‘ফেয়ারডিল নিউ’সহ মো. ফারুক মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্যসহ সব আলামতের মোট মূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিট থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার সিধলী থেকে নেত্রকোণাগামী সড়কের দিগজান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের আভাস

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপে বহন করা নয়টি প্লাস্টিকের বস্তা থেকে ৫৬০ বোতল ফেয়ারডিল নিউ সিরাপ উদ্ধার করা হয়। পরে ফারুক মিয়াকে আটক করা হয়।

‎অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা সিরাপের প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫৬ হাজার মিলিলিটার বা ৫৬ লিটার রয়েছে। এসব সিরাপে কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিন ম্যালিয়েট উপাদান রয়েছে। উদ্ধার করা মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২ নম্বরের একটি সিঙ্গেল কেবিন পিকআপ, গাড়ির চাবি এবং ডুয়েল সিমযুক্ত একটি ওয়ালটন বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: হরিরামপুরে তিন দিনব্যাপী মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ অনুষ্ঠিত

‎‎আটক ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা এলাকার জব্বার আলীর ছেলে।

‎

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

‎

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন। পাশাপাশি মাদক কারবার-সংক্রান্ত তথ্য দিয়ে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

‎