সামান্থার সুগন্ধি ব্যবসায় আয় ১২০ কোটি রুপি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিনেমার পর্দায় সাফল্যের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয়ের বাইরে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত এই তারকার সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ এবার আয়ের দিক থেকে বড় মাইলফলক স্পর্শ করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ। এতে প্রতিষ্ঠানটির মোট আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন সামান্থা।

আরও পড়ুন: গুলির ঘটনার পর কেমন আছেন টাইগার শ্রফ?

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ও বক্স অফিসে সাফল্য পেয়েছে। সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। অভিনয় ও ব্যবসা—দুই ক্ষেত্রেই এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

দুই উদ্যোগের সাফল্য নিয়ে সামান্থা বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। “মা ইন্তি বাঙ্গারাম” এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের। অন্যদিকে, “সিক্রেট অ্যালকেমিস্ট” হলো শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা। এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী।’

আরও পড়ুন: বাপ্পারাজকে নিয়ে গর্ব করেন ওমর সানী, জানালেন কারণ

এই সাফল্যের পেছনে মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এসব অর্জন তাঁকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।

সুগন্ধির ব্যবসার বাইরেও ফ্যাশন ও লাইফস্টাইল খাতে বিনিয়োগ রয়েছে সামান্থার। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’ নামের একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। ভারতীয় নারীদের জন্য সমসাময়িক পোশাক ও জীবনধারাভিত্তিক পণ্য নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’র সহপ্রতিষ্ঠাতাও সামান্থা।

সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি বিস্তৃত করছেন এই অভিনেত্রী। পর্দার সাফল্যকে ব্যবসায়িক উদ্যোগে কাজে লাগিয়ে বিনোদনজগতের বাইরেও নিজের প্রভাব বাড়াচ্ছেন তিনি।