কালিয়াকৈরে আনন্দ-আবেগ আর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

Shahrier Islam Pallab
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। আজ শুভ বিজয়া দশমী। সকাল থেকেই উপজেলার ১৫১টি পূজা মন্ডপে চলছে দশমীর আনুষ্ঠানিকতা। দেবীকে সিঁদুর পরানো, পান-মিষ্টি মুখ করানো, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত চারপাশ। বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। একে অপরকে সিঁদুর পরিয়ে দীর্ঘায়ু ও সুখী দাম্পত্য জীবনের প্রার্থনা করছেন।

পাঁচ দিনের উৎসব শেষে আজ দূর্গা মায়ের বিদায়ের দিন। তাই আনন্দের মাঝেও ভক্তদের চোখে-মুখে বিষাদের ছায়া। সন্তানরা যেমন মাকে বিদায় দিতে কষ্ট পায়, তেমনি ভক্তরাও দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন আবেগ আর ভক্তি দিয়ে।

আরও পড়ুন: বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বিকেলে উপজেলার  চারটি স্হানে  তুরাগ ও  বংশী নদীতে  প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়  এবারের দুর্গোৎসব। বিসর্জনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ঘাটে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। 

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবছর অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজয়ার এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করবেন। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের এই উৎসব সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে - এমনটাই প্রত্যাশা সবার।

আরও পড়ুন: নবীগঞ্জে ৪৭ পিস আটক ১, সহযোগী পলাতক