বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন অনুদান প্রদানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।

বুধবার (২১ অক্টোবর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকায় নেপাল হালদারের বাড়ির সার্বজনীন দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে আনন্দ-আবেগ আর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, গত ১৭ বছর ধরে মানিকগঞ্জের রাজনীতিতে নানা দুঃসময়েও যারা আমার পাশে ছিলেন, তাঁদের অবদানেই আজ আমি এই অবস্থানে আসতে পেরেছি। এ জন্য মানিকগঞ্জবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আমাকে দায়িত্ব পালনে জবাবদিহির মধ্যে রাখবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের জনবান্ধব কার্যক্রমের পার্থক্য জনগণকে উপলব্ধি করতে হবে। সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়া।

আরও পড়ুন: নবীগঞ্জে ৪৭ পিস আটক ১, সহযোগী পলাতক

দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকুক—এটাই প্রত্যাশা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জেলা জাসাসের সভাপতি মোশাররফ হোসেন শিকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজী ওবাদুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার এবং ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।