সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘিরে রহস্য
মানিকগঞ্জের সিংগাইরে সবুজ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত সবুজ মোসলেমাবাদ গ্রামের শিকিম মোল্লার ছেলে। তিনি এক পুত্রসন্তানের জনক।
আরও পড়ুন: নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে মোসলেমাবাদ স্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে স্থানীয় লোকজন কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে যাওয়ার সময় আজিজের বাড়ির পাশে একটি কড়ইগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তারা স্থানীয়দের জানান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা শিকিম মোল্লা জানান, কারও সঙ্গে তার ছেলের সামান্য কিছু টাকা-পয়সার লেনদেন ছিল। তবে ওই ব্যক্তির নাম তিনি বলেননি। তার ছেলে মাঝেমধ্যে বলতেন, ওরা আমাকে মেরে ফেলবে। তবে যাদের কথা বলতেন, তাদের নামও জানা সম্ভব হয়নি বলে জানান শিকিম মোল্লা। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পরদিন ছেলের মৃত্যুর খবর পান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সবুজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তার মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা তাদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সবুজের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি আত্মহত্যা করেছেন। মামলার প্রস্তুতি চলছে।





