দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চলবে ২০ থেকে ২৪ অক্টোবর
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
আরও পড়ুন: ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনীসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর থেকে ঢাকা সহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। এসব বাস রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচল করবে।
আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫
জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে এসব বাস পরিচালনা করা হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া বিশেষ বাস সার্ভিসের জন্য রাজধানী ও আশপাশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে। স্থানগুলো হলো—মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনাল।
বিআরটিসি জানিয়েছে, ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সহায়তার জন্য সংস্থাটির প্রধান কার্যালয়ে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করা যাবে।





