শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পূর্ব পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ এক অটোরিকশাচালকের স্বজনেরা মরদেহটি তাঁর হতে পারে বলে সন্দেহ করছেন। তবে মুখমণ্ডল বিকৃত থাকায় তাঁরা তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করতে পারেননি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ১
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন কিশোর নদীর পাড়ে খেলাধুলার সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে থানায় খবর দেওয়া হলে শেরপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিখোঁজ অটোরিকশাচালক আশাদুলের (২৫) বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামে। স্বজনদের দাবি, গত শনিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
আরও পড়ুন: জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





