বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি নথিতে এই সংখ্যা কম থাকলেও বাস্তবে রোহিঙ্গার সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও মানবিক সহায়তা দিতে গিয়ে দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

বৈঠকে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শরণার্থী শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ও কার্যকর ভূমিকা প্রয়োজন।

এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

অন্যদিকে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সহায়তা দিয়ে আসায় সরকারের প্রশংসা করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি। তিনি রোহিঙ্গাদের ওপর অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোও বৈঠকে তুলে ধরেন।

কেলি ই. কারি জানান, রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার উপযোগী পরিবেশ তৈরি এবং মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা কাজ করছে।

বৈঠকে রোহিঙ্গা শিবিরসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পায়। এসব অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।