মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে বদিয়ার রহমান (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান (২৮) গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে মহেশপুরের জীবননগর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বদিয়ার রহমান মহেশপুর উপজেলার নওদাগ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। আহত আফ্রিদি হাসান কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মোগবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওদাগ্রাম থেকে যাত্রী নিয়ে মহেশপুরের কাটাখালি এলাকায় যান বদিয়ার রহমান। সেখানে ভ্যানটি সড়কের পাশে রেখে টাকা ভাঙিয়ে আবার ভ্যানের কাছে ফিরছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক বদিয়ার রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসানও গুরুতর আহত হন।
আহত আফ্রিদিকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক





