‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
কোয়েল মল্লিক। ছবিঃ সংগৃহীত
কোয়েল মল্লিক। ছবিঃ সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার ছোট পর্দায় নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। সোনি আট-এর নতুন ধারাবাহিক ‘Dear 90’s’-এর মাধ্যমে টেলিভিশনে অভিষেক হতে যাচ্ছে তাঁর। নব্বইয়ের দশকের প্রেম, আবেগ ও নস্ট্যালজিয়াকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিকটি আগামী ২৩ নভেম্বর থেকে সম্প্রচার শুরু হবে।

‘Dear 90’s’-এর গল্প সাজানো হয়েছে নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে। অডিও ক্যাসেট, হাতে লেখা চিঠি, প্রিয় মানুষের অপেক্ষা আর মনের না-বলা কথার মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি। সে সময়ের প্রেমের সরলতা ও আবেগের পাশাপাশি গল্পে উঠে আসবে বড় হয়ে ওঠা, স্বপ্ন দেখা, নিজেকে নতুন করে আবিষ্কার এবং জীবনের নানা পরিবর্তন।

আরও পড়ুন: শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানী অভিনেত্রী

ধারাবাহিকটির গল্পে বিশেষ গুরুত্ব পাবে প্রথম প্রেমের স্মৃতি। সময়ের পরিবর্তনে সম্পর্কের সমীকরণ বদলে গেলেও প্রথম ভালোবাসার অনুভূতি কতটা অটুট থাকে, সেই প্রশ্নের উত্তর খোঁজা হবে এতে।

ছোট পর্দায় প্রথমবার দেখা যাবে কোয়েল মল্লিককে। বড় পর্দায় দীর্ঘদিনের অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। নতুন এই ধারাবাহিক নিয়ে অভিনেত্রী জানান, নব্বইয়ের দশকের প্রেমের মধ্যে অপেক্ষা, ছোট ছোট আনন্দ এবং স্মৃতির এক নিষ্পাপ সারল্য ছিল। ‘Dear 90’s’-এর গল্প তাঁকে সেই পুরোনো অনুভূতিগুলোর কাছে ফিরিয়ে নিয়ে গেছে।

আরও পড়ুন: হাওয়া’র পর আবারও একসাথে জুটি চঞ্চল-তুষীর, সঙ্গী সিয়াম

ভালোবাসা, বেড়ে ওঠা এবং জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ঘিরে তৈরি এই গল্পের অংশ হতে পেরে আনন্দিত বলেও জানান কোয়েল। তাঁর প্রত্যাশা, দর্শকেরা ধারাবাহিকটির গল্পে নিজেদের জীবনের পরিচিত অনেক মুহূর্ত খুঁজে পাবেন।

সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটিতে কোয়েল মল্লিকের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শঙ্খজিৎ সেনগুপ্ত ও অপরাজিতা মুখার্জি। আগামী ২৩ নভেম্বর থেকে সোনি আট ও সনি লিভে দেখা যাবে ‘Dear 90’s’।