‘তুমিই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ’, আথিয়ার জন্মদিনে রাহুলের শুভেচ্ছা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
কেএল রাহুল ও আথিয়া শেঠি। ছবিঃ সংগৃহীত
কেএল রাহুল ও আথিয়া শেঠি। ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্বামী, ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। রাহুলের সেই শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে আথিয়ার প্রতি তাঁর গভীর ভালোবাসা ও মুগ্ধতা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৩৪ বছরে পা দিয়েছেন আথিয়া। এ উপলক্ষে ইনস্টাগ্রামে তাঁদের একসঙ্গে কাটানো একটি সুন্দর মুহূর্তের ছবি এবং আথিয়ার কয়েকটি একক ছবি প্রকাশ করেন রাহুল। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয়তমা। তুমি আমার হৃদয় ভালোবাসায় পূর্ণ করো, আমার জীবনকে অর্থবহ করে তোলো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ভালোবাসি।’

আরও পড়ুন: স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশী ২ সিনেমা

স্বামীর কাছ থেকে এমন ভালোবাসাময় শুভেচ্ছা পেয়েছেন আথিয়া। এর আগে গত এপ্রিলে রাহুলের জন্মদিনেও আবেগঘন বার্তা দিয়েছিলেন এই অভিনেত্রী। বিয়ের মুহূর্ত থেকে শুরু করে একসঙ্গে জীবনযাপন এবং বাবা-মা হওয়ার স্মরণীয় সময়ের কিছু ছবি শেয়ার করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। তোমাকে অনেক ভালোবাসি।’

২০১৯ সালের জানুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় কেএল রাহুল ও আথিয়া শেঠির। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। দীর্ঘদিনের প্রেমের পর ২০২৩ সালের ২৩ জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠির খান্ডালার ফার্মহাউসে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন: পাঁচ বছর পর আবারও সোনারগাঁয়ে ‘ইত্যাদি’

সংসারজীবনে নতুন মাত্রা যোগ হয় গত বছর। কন্যাসন্তানের বাবা-মা হন রাহুল ও আথিয়া। মেয়ের নাম রাখা হয়েছে এভারা বিপুল রাহুল। এভারা শব্দের অর্থ ‘ঈশ্বরের উপহার’। অন্যদিকে বিপুল নামটি রাখা হয়েছে পরিবারের প্রমাতামহীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে। রাহুলের ৩৩তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের নাম প্রকাশ করেছিলেন তাঁরা।

ব্যক্তিজীবনের পাশাপাশি অভিনয়েও পরিচিতি রয়েছে আথিয়ার। ‘হিরো’ ও ‘মুবারাকান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে দেবামিত্র বিসওয়াল পরিচালিত ‘মতিচুর চাকনাচুর’ সিনেমায়। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিতে পুষ্পিন্দর ও অনিতা নামের দুই চরিত্রের বিয়ে ও সম্পর্কের নানা জটিলতা তুলে ধরা হয়েছে।

কর্মব্যস্ততার মাঝেও একে অপরের বিশেষ দিনগুলো ভালোবাসা ও আন্তরিকতায় উদ্‌যাপন করেন রাহুল-আথিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের এমন মুহূর্তগুলোও ভক্তদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।