মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪২ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-তে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এ লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

আরও পড়ুন: প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা

রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।

আরও পড়ুন: রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে নেওয়া হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

পাশাপাশি প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে বলে জানান তিনি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেল দেশবাসীকে জানাতে চায়, প্রতিষ্ঠানটি সব সময় স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে। এ ছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে।

নিয়োগসংক্রান্ত মেডিকেল ফি, বিমানভাড়াসহ যাবতীয় খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে নির্বাচিত কর্মীরা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।