যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৯ জনের

Shahrier Islam Pallab
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৫ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে লিয়ারজেট-৬০ মডেলের একটি উড়োজাহাজ। স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ৯ জন।

আরও পড়ুন: ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, নেতানিয়াহুর বিরুদ্ধে চাপের অভিযোগ

এ সময় আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, পামবিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।

আরও পড়ুন: ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি

তবে বোকারাটন থেকে উড্ডয়নের প্রাথমিক খবর নিশ্চিত হওয়া যায়নি। প্রায় আট হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ ডান দিকে বাঁক নিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসে বিমানটি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাটিতে পড়ার আগে একটি গাছে ধাক্কা মেরে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে এটি। এতে সড়কে বড় গর্ত সৃষ্টি হয়। চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।

দুর্ঘটনার সময় বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি।