নিশো-চঞ্চলকে নিয়ে ভিকি জাহেদের প্রথম সিনেমা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবি: বাংলাবাজার কোলাজ
ছবি: বাংলাবাজার কোলাজ

ছোট পর্দা ও ওয়েব মাধ্যমে একের পর এক আলোচিত কাজ উপহার দিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। এবার বড় পর্দায় নিজের নির্মাণশৈলী তুলে ধরতে যাচ্ছেন তিনি। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। নারীপ্রধান চরিত্রে থাকছেন তমা মির্জা।

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো সিনেমা নির্মাণের পর এবার প্রতিষ্ঠানটি নিয়ে আসছে ‘খলনায়ক’। বড় পরিসরে নির্মিতব্য সিনেমাটিতে যুক্ত হয়েছেন দেশের একাধিক অভিজ্ঞ অভিনয়শিল্পী ও কলাকুশলী।

আরও পড়ুন: বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

নিশো, চঞ্চল ও তমা মির্জা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, তুষার খান ও সেন্টু। বিশেষ একটি চরিত্রে থাকছেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড়। অন্যদিকে প্রোডাকশন ডিজাইন ও আর্ট ডিরেকশনে কাজ করছেন ভারতের শিল্প নির্দেশক শিবাজী পাল। তাদের অভিজ্ঞতা ও দক্ষতায় সিনেমাটিতে ভিন্নধর্মী দৃশ্যায়ন এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে সাবিনা ইয়াসমিন এর নতুন গান

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক ভিকি জাহেদ। তিনি বলেন, ‘খলনায়ক’ কেবল একটি গল্প নয়, বরং মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তার নতুন উপস্থাপন। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন থেকে নির্মাণের প্রতিটি পর্যায়েই দর্শক ভিন্নতা খুঁজে পাবেন। নিশো ও চঞ্চলের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করা তাঁর জন্য একই সঙ্গে আনন্দের ও চ্যালেঞ্জের।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘খলনায়ক’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন। অভিজ্ঞ অভিনয়শিল্পী ও দক্ষ কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত সিনেমাটি দেশের বাইরের বাংলা ভাষাভাষী দর্শকদেরও আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদী।

সিনেমাটি নিয়ে আফরান নিশো বলেন, ভিকি জাহেদের গল্প বলার ধরন ও নির্মাণশৈলীতে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ‘খলনায়ক’-এর চিত্রনাট্য শোনার পরই তাঁর কাছে গল্পটি মনস্তাত্ত্বিকভাবে আকর্ষণীয় মনে হয়েছে। দেশের শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করাকে নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। দর্শকেরা সিনেমাটির মাধ্যমে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পাবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা।

প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, শুরু থেকেই তাঁরা কনটেন্টের মান ও দর্শকের চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। ‘খলনায়ক’-এর মাধ্যমে বাংলা সিনেমাপ্রেমীদের বিশ্বমানের সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিতে চান তাঁরা।

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, ভিকি জাহেদের নির্মাণে বরাবরই নতুনত্ব ও ভিন্নধর্মী গল্প বলার প্রবণতা দেখা যায়। ‘খলনায়ক’-এ তাঁর চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা অভিনেতা হিসেবে তাঁকে আকৃষ্ট করেছে। আফরান নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও উপভোগ্য বলে জানান তিনি। বড় পর্দায় সিনেমাটি দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা তাঁর।

উল্লেখ্য, ‘খলনায়ক’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও হইচই স্টুডিওজ। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও প্রচারসামগ্রী প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।