সিলেটে এসএসসি ২০০০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুরোনো দিনের সোনালি স্মৃতি, ফেলে আসা ক্লাসরুমের আড্ডা আর বন্ধুত্বের অটুট বন্ধনকে নতুন করে ঝালিয়ে নিতে সিলেটে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ বন্ধু মিলনমেলা। এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের সম্মিলিত প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই ‘লেজেন্ড মিটআপ ২০২৬’-এ অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সহস্রাধিক বন্ধু ও তাদের পরিবারবর্গ। দিনভর আড্ডা, স্মৃতিকাতরতা, সংবর্ধনা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল পুরো আয়োজন। 

শুক্রবার দিনব্যাপী সিলেটের দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেগা মিটআপ উদযাপিত হয়। 

আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

‘উই আর লেজেন্ডস’ স্লোগানে সকাল থেকেই কুশিয়ারা কনভেনশন হলে জড়ো হতে থাকেন ২০০০-২০০২ ব্যাচের সদস্যরা। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালসহ দেশের ৬৪ জেলা এবং দেশের বাইরে থেকে আসা বন্ধুদের উপস্থিতিতে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বহু বছর পর একে অপরকে কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন, জড়িয়ে ধরেন প্রিয় সহপাঠীকে।

অনুষ্ঠানের মূল মঞ্চে দিনভর চলে নানা আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের একপর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, তাদের উৎসাহ ও সম্মাননা জানাতে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। তাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ব্যাচের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়কেরা।  

আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’

সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত আকর্ষণীয় র‍্যাফেল ড্র পর্ব। ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভিসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় উপহার সামগ্রী বিজয়ী বন্ধুদের হাতে তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এরপর শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাচের নিজস্ব শিল্পীদের  পাশাপাশি আমন্ত্রিত সংগীতশিল্পীদের পরিবেশনায় রাত পর্যন্ত আনন্দে মেতে ওঠেন উপস্থিত সহস্রাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে আগত প্রতিনিধিরা বলেন, জীবনের ব্যস্ততা আর দূরত্বের কারণে নিয়মিত যোগাযোগ না হলেও এই প্ল্যাটফর্ম প্রমাণ করে দিয়েছে বন্ধুত্ব সবসময় চিরসবুজ থাকে। এমন আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।