চুয়াডাঙ্গায় রেলপথ অবরোধ
খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
চুয়াডাঙ্গার জীবননগরের আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে চালুসহ তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা। এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ট্রেন, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (৪ নভেম্বর) সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে পৌছালে সেটি থামিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। বেলা ১টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মিজানুর রহমান।
আরও পড়ুন: দেশপ্রেম ও ত্যাগের মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে: আনসার মহাপরিচালক
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে আনসারবাড়ীয়া স্টেশনে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ অবস্থার অবসান ঘটিয়ে স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- স্টেশনটিতে অন্তত দু’জন স্টেশনমাস্টারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক প্ল্যাটফর্ম ও বিশ্রামাগার নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন এবং ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের উভয়মুখী যাত্রাবিরতি নিশ্চিত করা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫
অবরোধের খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে রেলওয়ের একটি প্রতিনিধি দল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
চিন্ময় সরকার নামের এক যাত্রী বলেন, সকালে খুলনা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার জন্য রূপসা এক্সপ্রেস ট্রেনের আসছিলাম। ট্রেনটি আনসারবাড়ীয়া স্টেশনে পৌঁছালে অবরোধের মুখে পড়ে।
এদিকে অবরোধের প্রভাব পড়েছে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দর্শনা রেলওয়ে স্টেশনে। এসব স্টেশনে গন্তব্য যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা দীর্ঘ সময় আটকে পড়েছেন। নির্ধারিত সময়ে ট্রেন না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মিজানুর রহমান বলেন, আনসারবাড়ীয়া স্টেশন চালুর দাবিতে স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা ধরে রূপসা এক্সপ্রেস আটকে রেখেছেন। এতে খুলনার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিভিন্ন গন্তব্য যাওয়ার জন্য যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। অবরোধের কারণে রেলওয়ের সময়সূচিতে বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।





